নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূঁইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
বুধবার (২৮ মে) রাতে দলীয়ভাবে এই সিদ্ধান্ত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার।
অভিযুক্ত কাউছার ভূঁইয়া চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার জানান, গত ২৫ মে চরসিন্দুরের মালিতা গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ড. আবদুল মঈন খান অভিযুক্ত কাওছার ভূঁইয়াকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিতে নির্দেশ দেন। পরে মৌখিকভাবে অভিযুক্ত কাউছার ভূঁইয়াকে প্রাথমিকভাবে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. বাছেদ মিয়া বলেন, ‘অব্যাহতির বিষয়টি আমার জানা নেই।’
উল্লেখ্য, রোববার (২৫ মে) দুপুরে জমি সংক্রান্ত জেরে দলবল নিয়ে স্বেচ্ছাসেবক দলনেতা কাউছার ভূঁইয়া মালিতা গ্রামের আরজু ভূঁইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত কাউছার ভূঁইয়াসহ ৬ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে পলাশ থানায় মামলা দায়ের করেন।

মোঃ জাহিদ মিয়া পলাশ ,নরসিংদী প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ । ৯:২০ অপরাহ্ণ