জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ১১:১৪ পূর্বাহ্ণ

উচ্চশিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে রূপরেখা তৈরির লক্ষ্যে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের বড় ধরনের সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ২৮ নভেম্বর সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশের উচ্চশিক্ষা কার্যক্রমের মূল কারিগর হিসেবে পরিচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় দুই হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা এই সম্মিলনে অংশগ্রহণ করেছেন। শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়ন ও সংকট নিরসনের পথ খুঁজে বের করাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গবেষণার প্রসার এবং শিক্ষকদের প্রশাসনিক ও পাঠদান সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মিলনে অংশ নেওয়া অধ্যক্ষরা উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনার সুযোগ পান। বিশেষ করে সেশনজট নিরসন, কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশকে আরও আধুনিক করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং তৃণমূল পর্যায়ের কলেজগুলোর সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে। দিনব্যাপী এই অনুষ্ঠানে কলেজের শিক্ষা কার্যক্রম ও গুণগত মান বৃদ্ধির ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালিত হয়।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন