দেশের অভ্যন্তরীণ মাংসের চাহিদা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে এবং খামারিদের সক্ষমতা বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য শুধু নিজেদের চাহিদা মেটানো নয়, বরং উদ্বৃত্ত মাংস মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা। এই লক্ষ্য বাস্তবায়নে প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন এবং খামারিদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার দ্বার উন্মুক্ত রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার খামারিদের নিরুৎসাহিত না করে বরং তাদের উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনা এবং কারিগরি সহায়তা প্রদান করছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন। দেশের মাংস উৎপাদন বাড়িয়ে তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রফতানিযোগ্য করে তোলার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং খামারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ । ১:১৫ অপরাহ্ণ