মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও সদর, নবগঠিত ভূল্লী ও রুহিয়া উপজেলায় শুরু হয়েছে নির্বাচনী আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। আগামী ২১ জানুয়ারি ২০২৭ প্রথম ধাপে এসব উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে নানা হিসাব-নিকাশ।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গত ১৯ নভেম্বর প্রকাশিত জেলা ও ধাপভিত্তিক নির্বাচনী সারসংক্ষেপে এ তথ্য উঠে এসেছে। উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলার ১১টি, ভূল্লী উপজেলার ৫টি এবং রুহিয়া উপজেলার ৬টি ইউনিয়নসহ মোট ২২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এসব ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৭৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৬৭২ জন, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬৯ জন এবং হিজড়া ভোটার ৪ জন। এ তথ্য ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের।
উল্লেখ্য, ভূল্লী ও রুহিয়া উপজেলা গঠনের আগে এসব ইউনিয়ন ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ ২০২১ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গঠিত পরিষদগুলোর মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে নির্বাচনের সম্ভাব্য তারিখ সামনে আসতেই চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে চলছে নানা আলোচনা। কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, কারা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এসব প্রশ্ন এখন স্থানীয় মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে এমন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সুখে-দুঃখে মানুষের পাশে থেকে জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করবেন।
নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, তা নিয়েও রয়েছে আলোচনা। সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন অনুমোদিত প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন।
সব মিলিয়ে ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া অঞ্চলে ধীরে ধীরে জমে উঠছে নির্বাচনী পরিবেশ। তবে শেষ পর্যন্ত কারা প্রার্থী হিসেবে মাঠে নামবেন, কারা ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হবেন এবং কারা বিজয়ের হাসি হাসবেন—তা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটাররাই।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ১:৫১ পূর্বাহ্ণ