ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান, ট্রাক্টর ও পিকআপ শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- রাজ-১৯৯২) অন্তর্ভুক্ত ভূল্লী শ্রম কল্যাণ উপপরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ভূল্লী কুমার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান, ট্রাক্টর ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ভূট্রু মিঞা। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার।
ভূল্লী শ্রম কল্যাণ উপপরিষদের প্রধান আহ্বায়ক মোঃ ছুট্রু মিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ভূল্লী শ্রম কল্যাণ উপপরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাফরুল্লাহ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম এবং ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজিমুল ইসলাম লালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া সভায় প্রায় ২৫০ থেকে ২৬০ জন শ্রমিক অংশ নেন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকতে হবে। ভূল্লী শ্রম কল্যাণ উপপরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে সাধারণ শ্রমিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে শ্রমিকদের সদস্য কার্ড গ্রহণ এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, নির্বাচন কিংবা আলোচনার মাধ্যমে—যে প্রক্রিয়াতেই কমিটি গঠন করা হোক না কেন, সেখানে যোগ্য, দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
সভায় উপস্থিত বিএনপি নেতারা বলেন, শ্রমিক সংগঠন দেশের অর্থনীতি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি দক্ষ ও সুসংগঠিত শ্রমিক সংগঠন গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবেন।
সভা শেষে প্রধান অতিথি সাধারণ শ্রমিকদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নির্বাচনের পরিবর্তে আলোচনার মাধ্যমে সিলেকশন কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান। পরে শান্তিপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম শেষ হয়।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ৮:৩৮ অপরাহ্ণ