কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কেবল বিলাসিতা নয়, সময়ের দাবি ও বাস্তবতা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ২:১৬ অপরাহ্ণ

একটি সময় ছিল যখন আমাদের সমাজে নারী ও পুরুষের কাজের ক্ষেত্র সুনির্দিষ্টভাবে বিভাজিত ছিল। সংসার সামলানো এবং সন্তানদের লালন-পালন করা ছিল নারীর প্রধান দায়িত্ব, আর পরিবারের আর্থিক যোগানদাতা হিসেবে পুরুষ একাই সবভার বহন করতেন। সেই চিরাচরিত সমাজব্যবস্থায় পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির ওপর পুরো সংসার নির্ভরশীল থাকত। তবে জীবনের বাস্তবতা অনেক সময় নির্মমভাবে আমাদের সেই প্রথাগত ধারণাকে ভুল প্রমাণ করে। হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বা অকাল প্রয়াণে পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিটি যখন পৃথিবী থেকে বিদায় নেন, তখন পুরো পরিবারের ওপর নেমে আসে চরম সংকট। বিশেষ করে যখন পরিবারের প্রধান কোনো আর্থিক সুরক্ষা বা সঞ্চয় রেখে যেতে পারেন না, তখন সেই অসহায় পরিবারটির হাল ধরা সত্যিই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে উপার্জনহীন গৃহিণীর জন্য সেই মুহূর্তটি হয়ে ওঠে পাহাড়সম কষ্টের। এই প্রেক্ষাপট থেকেই বোঝা যায়, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কেবল আধুনিকতার বিলাসিতা বা শখ নয়, বরং এটি একটি অমোঘ প্রয়োজন।

আজকের দিনে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, তাতে একটি পরিবারের আর্থিক ভারসাম্য বজায় রাখা কেবল একজন ব্যক্তির আয়ের ওপর ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ। নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ করার অর্থ এই নয় যে তাদের ঘরোয়া দায়িত্ব থেকে সরিয়ে আনা, বরং এর অর্থ হলো পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা। একজন কর্মজীবী নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন তিনি কেবল নিজের নয়, বরং পরিবারের সংকটময় মুহূর্তেও ঢাল হিসেবে কাজ করতে পারেন। এতে পরিবারের সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনগুলো মেটানো অনেক সহজ হয়। এছাড়া অর্থনৈতিক স্বাধীনতা নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং পরিবারে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে জোরালো করে তোলে। এটি সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে।

আমরা যদি সমাজিক পরিবর্তনের দিকে লক্ষ করি, তবে দেখতে পাবো কর্মক্ষেত্রে নারীদের নিরলস অবদান আজ রাষ্ট্র ও অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। বিভিন্ন পেশায়, শিল্প-কারখানায়, করপোরেট জগতে কিংবা সৃজনশীল কাজে নারীরা যেভাবে দক্ষতা দেখাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তবে এখনো অনেক ক্ষেত্রে পারিবারিক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। নারীকে ঘরের কাজের পাশাপাশি বাইরের কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য মানসিক ও সামাজিকভাবে অনেক লড়াই করতে হয়। তবুও এই চ্যালেঞ্জ অতিক্রম করে নারীরা এগিয়ে চলছেন, কারণ তারা বুঝতে পেরেছেন অর্থনৈতিক মুক্তিই স্বাধীনতার মূল চাবিকাঠি। সময়ের প্রয়োজনে নারীদের এই অগ্রযাত্রা এখন আর ঠেকিয়ে রাখা সম্ভব নয়।

সবশেষে বলা যায়, কর্মক্ষেত্রে নারীর প্রবেশ আজ কেবল অধিকারের প্রশ্ন নয়, এটি অস্তিত্ব রক্ষার প্রয়োজনীয়তা। যখন কোনো নারী আয় করেন, তখন তার পরিবার একটি শক্তিশালী ভিত্তি পায়। ভবিষ্যৎ প্রজন্মের সঠিক বিকাশের জন্য এবং একটি উন্নত, স্বাবলম্বী সমাজ গঠনের লক্ষ্যে নারীদের কর্মক্ষেত্রে সফল অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কেবল তখনই একটি সুখী ও সমৃদ্ধ পরিবার গঠন করা সম্ভব, যখন পুরুষ ও নারী উভয়েই একে অপরের পরিপূরক হিসেবে আর্থিক ও মানসিকভাবে দায়িত্ব ভাগ করে নেবেন।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন