ভূল্লীতে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৬

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ৮:৪৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী থ্রি-হুইলার (পাগলু) গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী থানাধীন খলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাগলু গাড়িটির সঙ্গে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি অজ্ঞাতনামা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগলু গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হন।

আহতরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার বিধু ভুষন (৩৬), ঠাকুরগাঁও সদর উপজেলার সামিয়া (২৭), ভূল্লী থানার ছোট বালিয়া এলাকার চৈতী (৭০) ও শাওন (১৩) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার কবির হোসেন (৫৫) ও মিজানুর রহমান (৩৫)।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পুরুষদের পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং নারীদের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বোদা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় মুষলধারে বৃষ্টি হওয়ায় ট্রাকটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন