ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পরীক্ষার ফল নিয়ে হতাশায় স্কুলছাত্রের আত্মহত্যা

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ২:৪৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে এসএসসি টেস্ট পরীক্ষার ফল ভালো না হওয়ায় হতাশা থেকে পুতুল রায় (১৬) নামে এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে ভূল্লী উপজেলার কিসামত শুখানপুকুরী (পাটবাড়ী) গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পুতুল রায় ওই গ্রামের দীপেনের ছেলে। সে জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর থেকে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শুরু হয়। পরীক্ষাগুলো ভালো না হওয়ায় পুতুল বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের কাছে মন খারাপের কথা বলত। এ নিয়ে সে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতের খাবার শেষে আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় পুতুল। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাবা পড়াশোনার জন্য ঘুম থেকে ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে নিচে নামালে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরিবারের সদস্যদের ধারণা, পরীক্ষার ফল নিয়ে হতাশা ও পড়াশোনার চাপের কারণে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “টেস্ট পরীক্ষা ভালো না হওয়ায় পুতুল রায় হতাশায় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন