ভূল্লীতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ২:১৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে আদুরী রানী (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার আরাজী কেশুরবাড়ি (আওতাইপাড়া) এলাকায় বাড়ির পাশের একটি ধানক্ষেতের সীমানায় সড়ক জিগার গাছের ডাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদুরী রানী ওই এলাকার সূর্য সাহার মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার-পাঁচ বছর ধরে পার্শ্ববর্তী গ্রামের ক্ষিতীশ দেবনাথের ছেলে কিশোর দেবনাথের (২২) সঙ্গে আদুরীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে কিশোরের পরিবারের পক্ষ থেকে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর দুজনের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মঞ্জু তাঁদের নিয়ে ঠাকুরগাঁও আদালতে এফিডেভিট করতে যান। তবে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাঁরা ফিরে আসেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ওই রাতে আদুরী খাবার না খেয়ে অসুস্থতার কথা জানিয়ে ছোট দুই বোনের সঙ্গে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল আনুমানিক ৭টার দিকে তাঁর ছোট ভাই বাড়ির পেছনে গিয়ে একটি গাছের ডালে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে নিচে নামান। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ভূল্লী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন