ভূল্লী বাজারে দুর্ধর্ষ চুরি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ লাখ ৪১ হাজার টাকা
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী বাজারে সাজ্জাদ টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটির তালা বদলে ভেতরে ঢুকে ৬৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৯১ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। দোকানমালিকের দাবি, চুরি হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। নগদ টাকাসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ লাখ ৪১ হাজার টাকা।
গত ২৩ নভেম্বর সোমবার দিবাগত রাতে কোনো একসময় ভূল্লী বাজারের ওই দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানমালিক জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর বিশেষ প্রয়োজনে তিনি ঠাকুরগাঁও শহরে যান। পরে রাত আনুমানিক ৩টার দিকে দোকানে ফিরে সবকিছু স্বাভাবিক দেখতে পেয়ে আবার বাড়ি চলে যান। তবে সকালে দোকানের কর্মচারীরা দোকান খুলতে এসে দেখেন, দোকানের নিজস্ব তালার পরিবর্তে অন্য একটি তালা লাগানো রয়েছে।
পরে দোকানের ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, বিভিন্ন স্থানে রাখা ৬৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ২২ হাজার ও ৬৯ হাজার টাকা নেই। বিষয়টি দোকানমালিককে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে চুরির বিষয়টি নিশ্চিত করেন।
দোকানমালিক গণমাধ্যমকর্মীদের জানান, চুরি হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। বাজারে নাইটগার্ড থাকার পরও কীভাবে এত বড় চুরির ঘটনা ঘটল, তা নিয়ে তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ভূল্লী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তাঁরা ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
ব্যস্ততম ভূল্লী বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এত বড় চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং বাজারের নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটকের তথ্য পাওয়া যায়নি।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]