বিমানবন্দরে প্রবাসীর সর্বস্ব লুটের চেষ্টা, নারী ছিনতাইকারী আটক
বিদেশ থেকে দেশে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হতে যাচ্ছিল এক প্রবাসীর। বিমানবন্দর এলাকায় ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে হারানো উপক্রম হয়েছিল তার মূল্যবান সব সামগ্রী। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের দ্রুত পদক্ষেপে রক্ষা পেয়েছেন ওই যাত্রী এবং আটক করা হয়েছে চক্রের এক সদস্যকে।
ঘটনাটি ঘটে গত ১৯ নভেম্বর দিবাগত রাত দুইটা ২০ মিনিটের দিকে। প্রবাস থেকে দেশে ফিরেই ওই যাত্রী বিমানবন্দরের টার্মিনাল এলাকা দিয়ে যাওয়ার সময় পেশাদার ছিনতাইকারীদের কবলে পড়েন। সুযোগ বুঝে ছিনতাইকারীরা তার পকেট থেকে নগদ দশ হাজার টাকা এবং স্মার্টফোনটি কৌশলে হাতিয়ে নেয়। যাত্রী কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করার চেষ্টা চালায়।
এ সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা পুরো বিষয়টি লক্ষ্য করেন। ছিনতাইকারীদের তৎপরতা দেখে তারা সঙ্গে সঙ্গে ধাওয়া করে চক্রের এক নারী সদস্যকে আটক করতে সক্ষম হন। তবে তার অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যেতে সমর্থ হয়। আটক হওয়া ওই নারীর কাছ থেকে ছিনতাই হওয়া স্মার্টফোনটি উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে আনসার সদস্যদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশফেরত যাত্রীদের টার্গেট করে একটি অসাধু চক্র বিমানবন্দর এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকার চেষ্টা করছে। তবে কঠোর নজরদারি ও নিরাপত্তার কারণে তারা বারবার ব্যর্থ হচ্ছে। আটক হওয়া নারী সদস্যকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভুক্তভোগী প্রবাসীর ভাষ্যমতে, এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হবেন তা তিনি কল্পনাও করেননি। তবে আনসার সদস্যদের সময়োপযোগী হস্তক্ষেপে বড় ধরনের লোকসান থেকে রক্ষা পাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]